দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও শিক্ষার মানের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর মিরপুরে অধ্যক্ষ সম্মিলনে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছে।" তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন এবং নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সম্মিলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতি হিসেবে বিবেচনা করার দিন আর নেই।" কলেজের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও শিক্ষার মান কতটা বৃদ্ধি পেয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত করতে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় জোর দেন।
তিনি বলেন, "উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনীমুখী দক্ষতাভিত্তিক কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প খুব সম্ভবত নেই।"
দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দ্বন্দ্বের প্রভাব না পড়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।