ফিলিস্তিনের জেরিকো শহরের কাছে প্রায় ২ হাজার বছর আগের তিনটি বিশাল সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই সমাধিগুলো দ্বিতীয় টেম্পল যুগের শেষদিকে জেরুজালেমের বিত্তশালী ও অভিজাত পরিবারগুলোর সদস্যদের সমাহিত করার জন্য নির্মিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এবং ইতালির রোমভিত্তিক সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের একটি প্রত্নতত্ত্বিক দলের যৌথ উদ্যোগে এই আবিষ্কারটি হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রত্নতাত্ত্বিক মিশন ১৯৯৭ সাল থেকে ওই এলাকায় খননকাজ চালিয়ে আসছে।
সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আবিষ্কারটি প্রথম শতাব্দীর ইহুদি ইতিহাসবিদ ফ্লাভিয়াস জোসেফাসের লেখায় উল্লেখিত প্রভাবশালী পরিবারগুলোর ইতিহাস সম্পর্কে নতুন তথ্য উন্মোচনের সুযোগ সৃষ্টি করতে পারে।
সমাধিগুলোর বিশাল আকার, সেখানে সমাহিত মানুষের সংখ্যা এবং উদ্ধার হওয়া প্রত্নবস্তু থেকে ধারণা করা হচ্ছে, এগুলো জেরুজালেমের অভিজাত শ্রেণির সদস্যদের সমাধিস্থল ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই সমাধিগুলো খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিষ্টীয় প্রথম শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত।
জেরিকোর প্রাচীন নগরী টেল এস-সুলতানের কয়েকশ' মিটার উত্তর-পশ্চিমে, খিরবেত থানিয়াহ এলাকায় এই সমাধিগুলো পাওয়া গেছে। মাউন্ট অব টেম্পটেশনের পাদদেশে অবস্থিত এই প্রত্নস্থল ২০২৩ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় টেম্পল যুগে জেরুজালেমের পর জুদেয়া অঞ্চলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ছিল জেরিকো। এখানে হাসমোনীয় শাসকরা এবং পরবর্তী সময়ে রাজা হেরোদ দ্য গ্রেট শীতকালীন প্রাসাদ নির্মাণ করেছিলেন।