সন্ত্রাস করে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি আজ রোববার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ডে ফ্যাসিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
সরফত আলী বলেন, ‘তাদের নাশকতাই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আবারও জনগণের কাছ থেকে বিতাড়িত হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘দেশের জনগণ বিএনপিকে নিয়ে অনেক আশা-ভরসা করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগ যেসব এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে, সেখানেই জনগণ তাদের প্রতিহত করবে।’
এ সময় মীর সরফত আলী সপুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।