ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, "ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে, যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, জেল জুলুম অত্যাচার করে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে নির্যাতন করেছে, তারা পচা পানা থেকে উঁকি দিচ্ছে।"
তিনি আরও জানান, গত ১৭ বছরে অসংখ্য নেতা–কর্মী জেল–জুলুমের শিকার হয়েছে এবং গুম হয়েছে। জনগণ এসব আর দেখতে চায় না।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, "দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, দেশবিরোধী এবং দেশের সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে।"
তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, "এত সাহস পেলেন কীভাবে এই জাতিকে গোলাম বানাবেন, দিল্লির কৃতদাস বানাবেন; জনগণ তা হতে দেবে না।"