যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তিনি মনে করেন, এই ব্যবহার মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সাথে সম্পর্কিত।
মার্কিন সামরিক বাহিনী একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করেছে। তবে তারা তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ ব্যবহার করেছে, যা মূলত স্থল অভিযানের জন্য তৈরি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে পেন্টাগন জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত নয়।
ইউক্রেন ও ইরানে চলমান যুদ্ধের মধ্যে স্টারলিংকের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানে স্টারলিংক পরিচালনার অনুমতি নেই, তবে মাস্ক এর আগে বলেছেন, দেশটিতে এই সেবা চালু রয়েছে।
ইরানের কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারিতে ইরানজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময়ও ইন্টারনেট বন্ধ ছিল। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায় বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।