শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। তিনি সোমবার (২৩ নভেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ দাবি জানান।
ড. ইউনূস বলেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। তিনি জানান, চট্টগ্রামে তার নিজ বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
গ্রামীণ ব্যাংকের ওপর হামলাকে তিনি পরিকল্পিত ও ধারাবাহিক উল্লেখ করে বলেন, এই ব্যাংকটি দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। নোবেল কমিটি ২০ বছর আগে এই ব্যাংককে শান্তি পুরস্কারে ভূষিত করেছিল।
প্রফেসর ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। বর্তমানে ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। তিনি উল্লেখ করেন, ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।
তিনি দাবি করেন, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে নারীদের নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। নভেম্বর মাসের শুরু থেকে ব্যাংকের শাখাগুলোতে প্রায় প্রতিদিনই হামলা চালানো হচ্ছে।
ড. ইউনূস বলেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে এবং একই কায়দায় দেশের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। তিনি এসব হামলার পেছনে উচ্চ মহলের নির্দেশনা রয়েছে বলে মনে করেন।
তিনি গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রফেসর ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের বন্ধুরা যারা হামলার পরিকল্পনা করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখার আহ্বান জানান।