পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৫ নেতাকর্মীর বাসায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে মালামাল ও আসবাবপত্রের ক্ষতি সাধিত হয়েছে। সদর থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় সাবেক মহিলা এমপি বেগম লুৎফুন্নেছার বাসায় হামলা চালানো হয়। দুর্বৃত্তরা গেট ভেঙে ভিতরে প্রবেশ করে জানালার গ্লাস ভেঙে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাসার সামনে থাকা একটি গাড়ী ভাংচুর করে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বেগম লুৎফুন্নেছার স্বামী সুলতান আহমেদ মৃধা, যিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং দৈনিক পটুয়াখালীর সম্পাদক।
ভাংচুরের শিকার হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বাসায়ও। রাত দুইটার দিকে শহরের পিডিএস মাঠ সংলগ্ন এলাকায় তার বহুতল ভবনের নীচতলায় এ হামলার ঘটনা ঘটে।
এদিকে, বুধবার রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেনের বাসায় আগুন লাগানো হয়। স্থানীয়রা জানালার দিকে আগুনের শিখা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাসাটি তালাবদ্ধ ছিল। কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার ভোররাতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিলুর রহমান মোহন মিয়ার বাড়িতেও আগুন দেওয়া হয়, এতে বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া অন্যান্য নেতাদের বাসায়ও হামলা ও ভাংচুর চালানো হয়েছে।
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে হামলার বিষয়ে কোনো অভিযোগ এখনও থানায় দাখিল হয়নি।