দীর্ঘ ১১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। রোববার (১৫ অক্টোবর) ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন ৪৬ বছর বয়সী এই তারকা।
গত আগস্টে সিরি-সি ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হন সাবেক বার্সেলোনা ও এসি মিলানের প্লেমেকার রোনালদিনহো। ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি।
রাভেন্নার কোচ আন্দ্রেয়া মন্দোরলিনি নিশ্চিত করেছেন, ফোরলির বিপক্ষে ম্যাচের একাদশে থাকবেন রোনালদিনহো। তিনি বলেন, ‘সে শুরু থেকেই খেলবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কতক্ষণ খেলবে, তা আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব।’
মন্দোরলিনি আরও বলেন, ‘আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় সে। আমাদের লক্ষ্য ম্যাচে ভালো ফল করা।’
গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে রাভেন্নায় যোগ দিয়েছিলেন রোনালদিনহো। ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁতে আরও একটি গোল করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। ক্লাবটির মালিক ইগনাজিও সিপ্রিয়ানি জানিয়েছেন, রোনালদিনহোর লক্ষ্যটি আবেগের— ক্যারিয়ারের শেষ গোলটি করার চেষ্টা।
শুক্রবার ইতালিতে পৌঁছেছেন রোনালদিনহো। রোববারের ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন মাত্র এক দিন। তাকে মাঠে দেখতে সমর্থকদের বিপুল উপস্থিতির প্রত্যাশা রয়েছে।
রাভেন্নার ফরোয়ার্ড সিমোনে রাব্বিও জানিয়েছেন, দল পেনাল্টি পেলে তা নেবেন রোনালদিনহো। ১৩ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না।