আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের প্রাক্কালে সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি তরুণ মেসির সঙ্গে কাটানো পুরোনো স্মৃতি ও বিশ্বজয়ের কথা স্মরণ করেন।
বার্তায় রোনালদিনহো লেখেন, ‘একেবারে প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারা কী দারুণ এক তৃপ্তির আর আনন্দের, ভাই!’ তিনি মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তুমি আমাদের কতশত হাসি উপহার দিয়েছ এবং ফুটবলকে দারুণভাবে উপভোগ করতে শিখিয়েছ!’
রোনালদিনহো আরও উল্লেখ করেন, ‘তোমার নাম নিজের দেশের তো বটেই, পুরো বিশ্বের ইতিহাসেও খোদাই হয়ে থাকবে।’ তিনি বিশ্বকাপ জয় এবং পারিবারিক অগ্রাধিকারের বিষয়েও কথা বলেন, যা মেসির জন্য বিশেষ গুরুত্ব রাখে।
তিনি বলেন, ‘জাতীয় দল আর তোমার দেশের জন্য তুমি নিজের সর্বস্ব নিংড়ে দিয়েছ... আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারছি।’
২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় রোনালদিনহোর ছত্রছায়ায় মেসির ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০০৫ সালে আলবাচেতের বিপক্ষে মেসির প্রথম গোলের পাসটিও রোনালদিনহোর কাছ থেকে এসেছিল।
দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ফুটবল বিশ্বে একটি অনন্য উদাহরণ হয়ে রয়েছে, যদিও ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান।