শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা আয়োজন

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা আয়োজন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ‘নাগরিক স্মরণসভা’ অনুষ্ঠিত হবে।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার আশা করা হচ্ছে। এছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা এতে অংশ নেবেন।

আজ শুক্রবার নাগরিক সমাজের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। স্মারকগ্রন্থের বিষয়বস্তুতে বেগম খালেদা জিয়ার জীবন, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি, পররাষ্ট্রনীতি, নারীশিক্ষা, এবং সরকারের পরিচালনা ও সুশাসনের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

লেখকদের ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে।

এছাড়া বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এই ডকুমেন্টারি ও স্মারকগ্রন্থ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের মূল্যায়ন এবং তাঁর রাজনৈতিক উত্তরাধিকার তুলে ধরার একটি প্রয়াস হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন