রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা ও যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন। সোমবার (৯ নভেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়।
ম্যাসি হেগসেথের বিরুদ্ধে বেআইনি সামরিক নির্দেশ বাস্তবায়ন এবং সংবিধানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছেন। তিনি জানান, মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হলে অভিশংসনের প্রস্তাবের আটটি ধারার বিবরণ পড়ে শোনানো হবে।
গত সেপ্টেম্বরেও হেগসেথের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছিল, তবে রিপাবলিকান নেতৃত্বের কারণে ভোটাভুটি এড়ানো হয়। ম্যাসি জানান, ডেমোক্র্যাট নেতারা নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার আগেই হেগসেথকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
ম্যাসি বলেন, "যেকোনো আইনপ্রণেতার ভোটকে স্বাগত জানাব, যারা হেগসেথকে সরাতে চান।" তিনি আরও জানান, অভিশংসনের প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া অন্তর্ভুক্ত।
হেগসেথ সাংবাদিকদের বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনেক ব্যক্তি রয়েছেন, যাদের সঙ্গে নীতিগত মতপার্থক্য থাকতে পারে। তিনি বলেন, "যদি আমরা ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপগুলো নিয়ে বিতর্ক করতে চাই, তাহলে আমি প্রস্তুত।"
অভিশংসন প্রস্তাবে অভিযোগ করা হয়েছে যে, হেগসেথ সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধংদেহী সংস্কৃতি গড়ে তুলেছেন, যা বেসামরিক মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। বিশেষ করে, ইরানের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের বোমা হামলার উদাহরণ উল্লেখ করা হয়েছে, যেখানে দেড় শতাধিক শিশু নিহত হয়।
ম্যাসি অভিযোগ করেন, হেগসেথের নেতৃত্বে মার্কিন হামলা নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করেনি, ফলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। রিপাবলিকান দলের আইনপ্রণেতা ম্যাসি দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে আসছেন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস করতে ৪৩৫ সদস্যের পরিষদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন প্রয়োজন। বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে ম্যাসির এই প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম। তবে নতুন ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক চাপ বাড়তে পারে।