যুক্তরাষ্ট্রের মিডটার্ম নির্বাচনে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। তিনি রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেন।
কুপারের এই বিজয়ের ফলে মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন যুক্ত হলো। সাবেক গভর্নর কুপার মধ্যপন্থি ডেমোক্র্যাট হিসেবে পরিচিত এবং নর্থ ক্যারোলাইনার দুই সিনেট আসনের মধ্যে ২০০৮ সালের পর প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো হোয়াইট হাউসের দৌড়ে অংশ নিয়ে অঙ্গরাজ্যটিতে জয়ী হয়েছিলেন।
বর্তমান রিপাবলিকান সিনেটর থম টিলিস তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়ায় কুপারের এই জয় আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। টিলিস, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচক, তার বিদায়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের শক্ত অবস্থানে একটি পরিবর্তন আসছে।
ডেমোক্র্যাট দলের সিনেট মনোনয়ন পাওয়ার পর থেকেই কুপার জনমত জরিপে মাইকেল হোয়াটলির চেয়ে এগিয়ে ছিলেন। হোয়াটলি, যিনি আগে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান ছিলেন, কুপারের সঙ্গে ব্যবধান কমাতে ব্যর্থ হওয়ায় রিপাবলিকানরা তার নির্বাচনী প্রচারের জন্য বরাদ্দ অর্থায়ন প্রত্যাহার করে নেয়।
কুপারের জয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ২০১৬ সালের পর থেকে নর্থ ক্যারোলাইনায় তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অল্প ব্যবধানে জয়ী হয়েছেন। এই অঙ্গরাজ্যে সিনেট আসনটি ডেমোক্র্যাটদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।