কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে একটিতে আগামীকাল বুধবার (৪ নভেম্বর) থেকে চার দিন সরবরাহ বন্ধ থাকবে। এই কারণে সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক অসুবিধা হবে। পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বুধবার সকাল ৮টা থেকে শনিবার বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য মহেশখালীতে দুইটি ভাসমান টার্মিনাল রয়েছে।
গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।