বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন নিয়ম অনুযায়ী, ৩৫ বছর বয়সের পর কেউ আইনজীবী হতে পারবেন না। তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায়, এই বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ থেকে কার্যকর হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।