জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানানো হয়।
দুই দেশের সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এই স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আগমনের সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদানের সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর সফরসঙ্গীদের সাথে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
দ্বিপক্ষীয় আলোচনা শেষে, উভয় প্রধানমন্ত্রী দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন, যেখানে তিনি স্বাগত বক্তব্য দেবেন।
শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে, তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর, যা মালয়েশিয়া ও চীন সফরের পর অনুষ্ঠিত হচ্ছে।