মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পল্টনে সিপিবির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

পল্টনে সিপিবির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সিপিবির নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন।

পল্টনে সিপিবির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে সংঘটিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিবির শীর্ষ নেতারা।

সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী অভিযোগ করেন, সরকারদলীয় নেতাকর্মী পরিচয়ে সংঘবদ্ধ একটি দল হামলা চালায়। তিনি এই ঘটনার পর মধ্যরাতে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন।

স্থানীয় বিএনপি নেতারা সিপিবির এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। জানা যায়, সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সংস্কৃতিকর্মীদের ব্যানারে একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল।

সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে অনুষ্ঠিত ওই মানববন্ধন থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে পুলিশ আটক করে। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

দীপক শীল মুক্তি পাওয়ার পর পল্টনে অভ্যর্থনা জানাতে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। অভিযোগ করা হয়, মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অজুহাতে তাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় ঢাকা মহানগর উত্তর যুব ইউনিয়নের সভাপতি ইরান মোল্লা ও সাধারণ সম্পাদক সোহেল ফকিরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে মধ্যরাতে পুলিশ তাদের ছেড়ে দেয়।

সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, মিছিলে স্লোগান দেওয়ার অজুহাতে হামলা চালানো এবং নেতাকর্মীদের হয়রানি করা গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন