গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কারখানার হারবাল মেডিসিন বিভাগে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত এই কারখানার হারবাল মেডিসিন বিভাগ থেকেই আগুনের শুরু। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার শ্রমিকরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সকল শ্রমিক নিরাপদে বের হয়ে আসেন এবং প্রাথমিকভাবে নিজেদের ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের সঙ্গে যোগ দেন।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, 'আগুনের খবর পেয়ে আমরা দ্রুত কাজ শুরু করি। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।' তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর নেই।