স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার অবকাশ নেই।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, চলতি বছর রেকর্ডসংখ্যক পূজামণ্ডপে সর্বোচ্চ সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যা ধর্মীয় সম্প্রীতি ও উৎসব আয়োজনে সরকারের আন্তরিকতার প্রতিফলন।
তিনি বলেন, বিএনপি ধর্মাবলম্বী হিসেবে হিন্দু সম্প্রদায়কে সম্মান করে এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির সময়েই হিন্দু সম্প্রদায়সহ সকলকে বেশি নিরাপত্তা ও সুবিধা প্রদান করা হয়েছে।
মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেও বিএনপি হিন্দু সম্প্রদায়কে যথাযথ মর্যাদা দিতে বদ্ধপরিকর। নাগরিক ও সাংবিধানিক অধিকার টিকিয়ে রাখার সঠিক বিবেচনা এখন জনগণের হাতে বলেও তিনি জানান।