প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য। তিনি আজ শুক্রবার (১৬ অক্টোবর) ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এই কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম মূল শিক্ষা। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ তৈরি করা জরুরি। এই ধর্মীয় উৎসবের মাধ্যমে সমাজে ঐক্য এবং সৌহার্দ্যের বার্তা পৌঁছানো সম্ভব।
হিন্দু ধর্মমতে দেবী দুর্গার আগমন এবং অশুভ শক্তির বিনাশের মাধ্যমে সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে বৃদ্ধি করেছে, বলেন প্রধানমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসাহের সঙ্গে তাদের ধর্ম পালন করছে, যা দেশের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্যকে প্রতিফলিত করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তিনি বলেন, “ধর্ম যার যার-রাষ্ট্র সবার।” নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
তিনি হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেদের উৎসাহিত করে বলেন, “নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদ্যাপন করুন।”