শারদীয় দুর্গাপূজায় এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, বরাদ্দ ও ছুটির দিন থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এবারের পূজায় নাগরিক অধিকার ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করবেন পূজারীরা। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার সর্বোচ্চ সমর্থন প্রদান করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কোনো ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়।" তিনি উল্লেখ করেন, অতীতে কিছু রাজনৈতিক দল ধর্মীয় সম্প্রদায়কে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে, কিন্তু বর্তমান সরকার সেই পথে হাঁটবে না।
তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকবে।
মন্ত্রী বলেন, "ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা জরুরি।" তিনি উল্লেখ করেন, দেশের আইন অনুযায়ী সকল নাগরিক সমান অধিকারী এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্গোৎসবের সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা দুঃখজনক। তিনি আশা করেন, সকল ধর্মাবলম্বী স্বাধীনভাবে তাদের আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন।