দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে, যা ১৫টি খাতকে ঝুঁকির মুখে ফেলেছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়।
সেমিনারে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগ সাইবারস্টেশন কর্তৃক সংগৃহীত তথ্য উপস্থাপন করা হয়। এতে ব্যাংকিং, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সরকার ও শিক্ষাঙ্গনের ১৫০ জনেরও বেশি জ্যেষ্ঠ প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবী অংশ নেন।
সেমিনারে জানানো হয়, দেশের ১৫টি খাতের ৭৬৭টি ডোমেইনের পর্যালোচনা করা হয়েছে এবং প্রায় সবগুলোরই ক্রেডেনশিয়াল ওয়েবে পাওয়া গেছে। অন্তত ১৭ হাজার ৩৬২ জন ব্যবহারকারীর লগইন তথ্য এবং ১৮ লাখের বেশি ব্যবহারকারীর রেকর্ড ফাঁস হয়েছে। সাইবারস্টেশন দাবি করে, এই পরিসংখ্যান সর্বনিম্ন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
সাইবারস্টেশনের সাইবার নিরাপত্তা সেবাবিষয়ক প্রধান মোহিব্বুল মোক্তাদীর তানিম বলেন, ‘যে ঝুঁকি আমরা দেখতে পাই না, তা আমরা সামলাতে পারি না। আমাদের লক্ষ্য, প্রতিষ্ঠানগুলো যেন বুঝতে পারে কোন তথ্য উন্মুক্ত হয়েছে।’
ব্রেইন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস বলেন, ‘আমাদের সাইবার নিরাপত্তা বিভাগ ২০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়েছে। আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল দেশের সাইবার নিরাপত্তার বর্তমান অবস্থা পর্যালোচনা করা।’
সেমিনারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‘সাইবারস্টেশন সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর প্রতিরোধ কৌশল তৈরি করছে।’
এছাড়া, ডার্কওয়াচের মতো দেশীয় প্রযুক্তিগত উদ্যোগকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সেমিনারে তথ্যের অপব্যবহার প্রতিরোধ এবং ঝুঁকি মোকাবিলার জন্য সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।