শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রমেক হাসপাতালে রোগীর চাপে দুর্ভোগ, শয্যা সংকট তীব্র

রমেক হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকট তীব্র, রোগীরা বারান্দা ও মেঝেতে অবস্থান করছে।

রমেক হাসপাতালে রোগীর চাপে দুর্ভোগ, শয্যা সংকট তীব্র

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে অতিরিক্ত রোগীর চাপে ভুগছে। প্রতিদিন এখানে ভর্তি হচ্ছে দুই হাজার পাঁচশোরও বেশি রোগী, যা হাসপাতালের এক হাজার শয্যার ধারণার চেয়ে অনেক বেশি।

শয্যা না পেয়ে রোগী ও তাদের স্বজনদের হাসপাতালের বারান্দা এবং মেঝেতে অবস্থান করতে হচ্ছে। এই পরিস্থিতিতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের পরিবেশও নষ্ট হচ্ছে, দেখা দিচ্ছে পানির সংকট এবং আবর্জনার স্তুপ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, বর্তমানে ১২০০ চিকিৎসকের বিপরীতে মাত্র ৪৫০ জন চিকিৎসক কাজ করছেন। তবে নির্মাণাধীন ১৫ তলা ভবন চালু হলে কিছুটা সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ সাবিহা জানান, গত পাঁচ বছরে রোগীর চাপ প্রায় দেড় গুণ বেড়ে গেছে। প্রতিদিন রোগী ও স্বজন মিলিয়ে হাসপাতালটিতে প্রায় ১২ হাজার মানুষের ভিড় হচ্ছে।

ভুক্তভোগীরা দ্রুত শয্যা ও জনবল বাড়ানোর পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন