বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বিইআরসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে তারা এই সিদ্ধান্ত জানান।
বৈঠকে এলপিজি ব্যবসায়ীরা সাত দফা দাবি তুলে ধরেন। তাদের দাবি, ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য গণশুনানিতে বিইআরসির নির্ধারিত দামের সঙ্গে কমিশন অন্তর্ভুক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, যদি গণশুনানির পর যৌক্তিক সমাধান না আসে এবং তাদের দাবি পূরণ না হয়, তবে তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সকালে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান এবং সরবরাহ ব্যাহত হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
গত সোমবার, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সব দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।