আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর অর্থায়ন নিয়ে সরকার চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আইএমএফের পূর্বাভাসের বিষয়ে সরকার কোন উদ্বেগে নেই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, "বিশ্বব্যাংক ও আমরা আমাদের অর্থনৈতিক গতিপথ, নীতি এবং সিদ্ধান্তের বিষয়ে একমত হয়েছি।"
তিনি আরও জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সব ক্ষেত্রেই বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে সম্পূর্ণ একমত। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও এসব বিষয়ের সামঞ্জস্য রয়েছে।
এদিকে, আইএমএফ চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে আসার আশঙ্কা প্রকাশ করেছে। মূল্যস্ফীতি ১১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে খাদ্য ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে।
এছাড়া, জ্বালানি তেলের দাম ৪১ শতাংশ এবং গ্যাসের দাম ৪৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জ্বালানি আমদানিনির্ভর হওয়ায় বাংলাদেশের বিদ্যুৎ, পরিবহন ও কৃষি খাতে ব্যয় বাড়বে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক উর্জিত প্যাটেলের সাথে বৈঠক করেছে। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।