বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল) আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেয়েছে। এটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে এই স্বীকৃতি অর্জন করলো।
এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ ও কাগজবিহীন নথি আদান-প্রদানের ব্যবস্থায় বাংলাদেশের প্রযুক্তি খাতের অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। ট্রেডট্রাস্ট সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো, যা বিভিন্ন দেশের প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে আদান-প্রদান ও যাচাই করার সুযোগ দেয়।
স্পেকট্রাম জানায়, ব্যাংকিং ও বাণিজ্য অর্থায়নের ডিজিটাল রূপান্তরে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে এই স্বীকৃতি অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানটি সরবরাহব্যবস্থার অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নথি বিশ্লেষণ প্রযুক্তি ও এন্টারপ্রাইজ অটোমেশনসহ ডিজিটাল বাণিজ্য সমাধান তৈরি করেছে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের আগেই প্রতিষ্ঠানটি ১০টির বেশি ব্যাংকের সঙ্গে এলসি ও বাণিজ্যিক নথি প্রক্রিয়াকরণের ডিজিটাল রূপান্তরে কাজ শুরু করে। স্পেকট্রাম একটি ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম।
গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক এফইপিডি-১ সার্কুলার নম্বর ১৫ জারি করে বাণিজ্যিক নথি ডিজিটালভাবে প্রক্রিয়াকরণের একটি পরীক্ষামূলক কাঠামো চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে নথির স্বাধীন যাচাই, তথ্যের গোপনীয়তা এবং ইলেকট্রনিক বাণিজ্যিক নথির আইনগত গ্রহণযোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ডিজিটাল বাণিজ্যব্যবস্থার মাধ্যমে নথি প্রক্রিয়াকরণে সময় ও প্রশাসনিক ব্যয় কমানোর পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিতে এই ধরনের উদ্যোগ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
স্পেকট্রামের মতে, ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতির পাশাপাশি দেশের ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজিটাল বাণিজ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুযোগ বৃদ্ধি করবে।