রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল রংপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অবমূল্যায়ন ও অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সরকারি বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি না রাখার কারণে জনগণের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
১১ অক্টোবর, রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় বেলাল বলেন, "আপনারা এমপিদের পাত্তা দিচ্ছেন না কেন? আমাদের এ দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে।" তিনি জনপ্রতিনিধিদের যথাযথ মর্যাদা প্রদান এবং উন্নয়ন ও প্রশাসনিক কমিটিতে তাদের অন্তর্ভুক্তির দাবি জানান।
বেলাল সার ডিলার নিয়োগে মারাত্মক দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে বলেন, যোগ্য ব্যবসায়ীদের বাদ দিয়ে বিশেষ সুবিধা দিতে একাধিক সদস্যকে ডিলারশিপ পাইয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে প্রশাসন ও জনপ্রতিনিধি উভয় পক্ষই সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সভায় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উপস্থিতি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন বেলাল। তিনি ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল দ্রুত সংস্কার, শহরের যানজট নিরসন, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদারের দাবি জানান।
শারদীয় দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান তিনি। সভার সভাপতি জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, "আইনশৃঙ্খলা কমিটি জেলার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এখানে সকলের সম্মান বজায় রেখে আলোচনা করা উচিত।"