ঢাকার জিগাতলার বাসিন্দা মুক্তি মাহমুদ জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগারকে একটি ল্যাপটপ উপহার দিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তারা সাক্ষাৎ করেন এবং মুক্তি ওই ল্যাপটপটি ক্রিলকে প্রদান করেন।
মুক্তি মাহমুদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিলের ব্যাগ চুরির ঘটনা দেখেন। ক্রিলের ব্যাগে ল্যাপটপ ও ক্যামেরা ছিল, যা চুরি হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছে। ক্রিলের কান্না তাকে গভীরভাবে বেদনাহত করেছে, তাই তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার উদ্দেশ্যে তাকে উপহারটি দেন।
ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগার জানান, তিনি বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করার জন্য দেশে এসেছেন। গত বুধবার (৭ অক্টোবর) বগুড়ার দর্শনীয় স্থানগুলো ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে আসেন। তিনি ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
নাটোর স্টেশনে নেমে ওয়েটিং রুমে ২৪ থেকে ২৫ বছর বয়সী এক যুবকের সাথে তার পরিচয় হয়। ক্রিলের ভাষ্যমতে, ওই যুবক হলুদ কটি পরিহিত হয়ে রেলের স্টাফ পরিচয় দিয়ে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে। এরপর ক্রিল সরল বিশ্বাসে তার ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে যুবকটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় তিনি নাটোর সদর থানায় বিষয়টি জানান।