পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সফলভাবে পরমাণু বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এই সাফল্যের ফলে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি লাভ করলো।
রোববার (১১ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দেয়।
এই প্রক্রিয়াকে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বলা হয়, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। রূপপুরের প্রথম ইউনিটের জন্য ‘বি-টু’ অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ বি-ওয়ান শেষ করে এখন বি-টুতে যাওয়ার সম্মতি দেওয়া হয়েছে।
এখন এই পর্বের কাজ দ্রুততার সাথে শেষ হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। তাদের আশা, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, যা প্রথম ধাপে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখে।