বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩০ ঘণ্টার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩০ ঘণ্টার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রে জানা গেছে, ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হয়।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন একটি মাইলফলক।

বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শেষ হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক পরিচালনার সময় সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স পর্যালোচনা করা হচ্ছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, "দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।" তিনি জানান, এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা এবং প্রকৌশলীদের দক্ষতার ফল।

তিনি আরও বলেন, "অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।" সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ খাতে নতুন মাত্রা যুক্ত হবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।

বিজ্ঞাপন