বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এ প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
গবেষণায় প্রায় ১০ বছর ধরে কাজ চলছে। গবেষণাগারে বর্জ্য থেকে ৫৫ শতাংশ পর্যন্ত জৈব-অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে গবেষকেরা ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনের সাফল্যের কথাও তুলে ধরেন।
প্রকল্পের পরবর্তী ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে।
এই পাইলট প্ল্যান্ট স্থাপন করতে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।