বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, সেখানে কোনো মিছিল হয়নি। তিনি বলেন, "নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।"
আটক ব্যক্তিরা হলেন—মো. জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি ও মো. আরাফাত খান। প্রথম তিনজন বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ এলাকার বাসিন্দা। রাব্বির বাড়ি হোসনাবাদ এলাকায় এবং আরাফাত খানের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও সমাবেশের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে প্রচারিত কর্মসূচির বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি, পুলিশ হত্যার বিচার এবং কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রলীগের জেলা সভাপতি রেজাউল কবির রেজার নির্দেশনায় এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদারের নেতৃত্বে কর্মসূচিটি আয়োজন করা হয়েছিল। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ জানায়, মিছিল নয়, মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়েছে।