জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শহীদ আবরার ফাহাদ ও শরীফ ওসমান হাদির মতো বীরদের স্মরণ করেন।
৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকার আত তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় আয়োজিত ‘৬ষ্ঠ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, বগত স্বৈরাচারী শাসনমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর রাষ্ট্রীয় বৈষম্য ও দমন-পীড়ন চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী আমলে সুপরিকল্পিতভাবে ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছিল।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষককে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপবাদ, নিপীড়ন ও নির্মম মানসিক নির্যাতন চালানো হয়েছে।
নাহিদ ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশে যাতে আর কোনো দিন সেই অন্ধকার ও বঞ্চনার দিন ফিরে না আসে, সেজন্য প্রতিটি নাগরিককে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি সমাজের বর্তমান বাস্তবতায় নৈতিক স্খলন রোধে ধর্মীয় ব্যক্তিত্বদের এগিয়ে আসার তাগিদ দেন। নাহিদ ইসলাম বলেন, দেশের বিজ্ঞ আলেম সমাজকে নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের বিপর্যয় ঠেকাতে অগ্রণী দিশারির ভূমিকা পালন করতে হবে।