শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

৭ অক্টোবর, বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী সারাদেশে আগামী দুই মাসের মধ্যে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০টি মাঠ তৈরি করা হবে।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিটি ইউনিয়নে অন্তত একটি খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

বৈঠকে জানানো হয়, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি জেলায় ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি মাঠের আয়তন তিন থেকে আট বিঘা হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিটি উপজেলায় একজন ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে দেশের ৫০৩টি উপজেলায় এ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন। বৈঠকে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী দেশের সব খেলার মাঠ সংরক্ষণ এবং আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন