শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন করা রাষ্ট্রের দায়িত্ব।

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। রাষ্ট্রপতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরা হয়। তারা বিগত ফ্যাসিস্ট আমলে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার অভিযোগ করেন।

রাষ্ট্রপতি তাদের বক্তব্য শোনেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন। সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান (অব.) সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন