বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের প্রশাসনসহ বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। তারা নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে।
আজ বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী প্রশ্ন করেন, "পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে পারে?" তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, "সচেতন হলে ডেঙ্গু অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব।"
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পচা ও জমে থাকা পানি পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন, যাতে ডেঙ্গুর প্রজনন না ঘটে।
রিজভী আরও বলেন, "আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হচ্ছে।" তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার এবং কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না।