সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত শুরু

ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ।

ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত শুরু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় গেটের সামনে রক্তাক্ত একটি কালো স্টিলের ফল কাটার ছুরি এবং আশপাশে রক্তের দাগ পাওয়া যায়। এ ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে, যা তদন্তের আওতায় রয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। তিনি জানান, নিয়ম অনুযায়ী তিনি ভেতরের কক্ষগুলোর দরজায় নক করে থাকা ব্যক্তিদের বের হয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে দরজা খুলে তিনি ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান জানান, ঘটনাস্থলে সিসি ক্যামেরা রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে এবং তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিজ্ঞাপন