জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে দখলের ঘটনা একমাত্র নয়, বরং সারাদেশে হাজারো এ ধরনের ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, সরকারের ইন্ধনে এসব ঘটনা ঘটছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, "সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়— দেশবাসী এটা বুঝে গেছে।" আসিফ মাহমুদ আরও জানান, দখল-ভাঙচুরের ঘটনা ঘটলে, এনসিপি জনগণের পাশে দাঁড়াবে।
তিনি উল্লেখ করেন, যারা রাড্ডা দখল করেছিল, তারাই আবার স্বাস্থ্যকেন্দ্রটি চালু করতে বাধ্য হয়েছে, যা দেশের মানুষের প্রতিবাদের ফল। আসিফ মাহমুদ বলেন, "দেশজুড়ে যত দখল হয়েছে, তার সবগুলো জনগণকে বুঝিয়ে দিলে সরকারকে সাধুবাদ জানাবেন।"
এর আগে, গতকাল রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেন আসিফ মাহমুদ। তিনি ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মধ্যেও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যকেন্দ্রের সামনে দখলদারদের টানানো সমমনা দোকানদার সমিতির সাইনবোর্ডও এ সময় এনসিপির নেতাকর্মীরা অপসারণ করেন।