জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। তার আইনজীবীরা সোমবার বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে।’ তারা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি অনুসারে তার আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার দাবি জানানো হয়েছে।
এদিকে, শেখ হাসিনা রয়টার্সকে জানান, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। তার দলের সহযোগীরাও জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ‘যে মানুষ গণহত্যা করেছে এবং তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, সে (শেখ হাসিনা) যদি দেশে আসতে চায়, তাহলে তাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই নিয়ে আসতে হবে।’