অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় চার ফিলিস্তিনি কৃষককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম তীরের তুলকারেম শহরের পূর্বদিকে নিজেদের জমিতে জলপাই সংগ্রহ করছিলেন ওই কৃষকেরা। এই সময় তাদের আটক করা হয়। আটক কৃষকেরা অবৈধ ইসরায়েলি বসতি আইনাভের কাছাকাছি এলাকায় নিজেদের জমিতে কাজ করছিলেন বলে জানা গেছে।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জমিতে কাজ করতে বাধা দেওয়ার ঘটনা এবং আটকের বিষয়টি দীর্ঘদিন ধরেই উত্তেজনার সৃষ্টি করছে। বিশেষ করে জলপাই সংগ্রহের মৌসুমে এ ধরনের ঘটনার অভিযোগ নিয়মিতভাবে সামনে আসে।