কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সূত্রপাত হয় সিনিয়র–জুনিয়র সম্পর্কের কারণে। প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগ, দত্ত হল ও বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে অন্তত দুজনের মাথা ফেটে গেছে এবং একজনের হাত ভেঙেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পরিবেশে উত্তেজনা বিরাজ করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমএম শরিফুল করিম বলেন, ‘লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র–জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে তার সমাধানও হয়ে যায়। কিন্তু এর মধ্যে কয়েকজন আবার হলে গিয়ে উত্তেজনা তৈরি করে।’
তিনি আরও জানান, ‘আমরা এখনো পর্যন্ত জেনেছি অন্তত ১০ জন আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
উপাচার্য বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিম সার্বক্ষণিক কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’