শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতে 'কাকরোচ' পার্টির আন্দোলন, সিইসি পদত্যাগের দাবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে 'কাকরোচ জনতা পার্টির' আন্দোলন শুরু হয়েছে।

ভারতে 'কাকরোচ' পার্টির আন্দোলন, সিইসি পদত্যাগের দাবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র আন্দোলন শুরু করেছে 'কাকরোচ জনতা পার্টি- সিজেপি'। শনিবারের মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, 'জ্ঞানেশ কুমার যদি আগামীকালের মধ্যে পদত্যাগ না করেন, তবে ২ অক্টোবর মুম্বাই থেকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করবে সিজেপি এবং পর্যায়ক্রমে তা ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে দেওয়া হবে।'

গত বৃহস্পতিবার সিজেপি'র পক্ষ থেকে জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে অন্য দুই নির্বাচন কমিশনারও প্রশ্ন তুলেছেন।

বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকায় এসব রদবদল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। তবে এসব বিতর্কের মধ্যে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এক বিবৃতিতে জানায়, যেকোনো প্রতিষ্ঠানের ভেতরে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। কমিশনের সব ধরনের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত আইন মেনেই পরিচালিত হচ্ছে বলেও দাবি করা হয়।

এ বছরের জুলাইয়ে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতজুড়ে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, সেখানেও নেতৃত্ব দেয় 'কাকরোচ জনতা পার্টি- সিজেপি'। গত মে মাসে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত তরুণদেরকে ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠার পেছনের কারণ হিসেবে কাজ করে।

বিজ্ঞাপন