জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক নূর মোহাম্মদ এর দেড় বিঘা জমির প্রায় ৭০০টি কাঁচা কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী কৃষক জানান, এনজিও ও বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি এই কলাবাগান গড়ে তোলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে পালিয়ে যায়।
কৃষক নূর মোহাম্মদ বলেন, দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলেন। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, ঝুলছিল কাঁচা কলা। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল, এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলেন। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদ অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।