সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর সিলেটের বিউটি রানী পাল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
বুধবার সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ এই তথ্য নিশ্চিত করেন। বিউটি রানী পাল ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ২০২৩ সালেও জেলা পর্যায়ে গুণী শিক্ষকদের তালিকায় ছিলেন।
সম্প্রতি বিউটি রানী পালের ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। শিক্ষক, লেখক ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ তার পাশে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল কর্মকাণ্ডের পক্ষে মত দেন।
সাখাওয়াত এরশেদ বলেন, “দীর্ঘদিনের শিক্ষাকতা ও বিদ্যালয়ে তার অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তার পাঠদান পদ্ধতি, বিদ্যালয় পরিচালনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা মূল্যায়ন করা হয়েছে।”
তিনি আরও জানান, “শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত বিভিন্ন সূচকে শিক্ষকদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। এর ভিত্তিতে উপজেলা, জেলা ও পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়ে থাকে।”