জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন ও ব্রিটিশ নেতাদের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক জ্বালানি যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন।
জেলেনস্কি বলেন, "যুক্তরাষ্ট্র ও ইউক্রেন উভয়ই চায় শীত আসার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান হবে।" তিনি আরও জানান, মস্কো যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা বন্ধ করে, তবে কিয়েভও রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে প্রস্তুত আছে।
মঙ্গলবার, জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের একটি বৈঠক করেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগির একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এদিকে, জেলেনস্কি এক টেলিগ্রাম পোস্টে দাবি করেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে।