ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন। তিনি প্রস্তাব করেছেন, যদি ওয়াশিংটন কিয়েভকে এক মাসের জন্য এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে ইউক্রেনও একই সময়ের জন্য রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখবে।
রোববার (১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তিনি বলেন, "রাশিয়া যখন ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোতে হামলা চালাচ্ছে, তখন পাল্টা জবাব দেওয়ার অধিকার কিয়েভের রয়েছে।"
জেলেনস্কি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি চায় ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখুক, তাহলে মস্কোকেও ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় হামলা বন্ধ করতে হবে। তিনি জানান, ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে প্রস্তুত রয়েছে।
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। তবে জেলেনস্কির আশঙ্কা, অনুমোদন দেওয়ার পরও সরবরাহ করতে কয়েক বছর লেগে যেতে পারে।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতির অবসান হয়েছে রোববার। তবে ওই যুদ্ধবিরতি কেবল পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলে সীমাবদ্ধ ছিল এবং রাশিয়া মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এ মাসেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা গত ফেব্রুয়ারিতে স্থবির হয়ে পড়েছিল।