বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান বরিশালে বদলি হয়েছেন। পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে এবং মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।
এছাড়া, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে, কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায়, ৪ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।