রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ, জুলাই থেকে কার্যকর

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ, জুলাই থেকে কার্যকর, সরকারি কর্মচারীদের বেতন ১০০% থেকে ১৪২% বাড়ানো হয়েছে।

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ, জুলাই থেকে কার্যকর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এই বেতন কাঠামোর আওতায় গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এ গেজেট প্রকাশ করা হয়। গেজেটে উল্লেখ করা হয়েছে, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে এবং এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রথম ধাপে, ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ।

দ্বিতীয় ধাপে, ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের জন্য এই হার হবে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য ৭৫ শতাংশ। তৃতীয় ধাপে, ১ জুলাই ২০২৭ থেকে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী বার্ষিক ইনক্রিমেন্টসহ নতুন স্কেলের শতভাগ মূল বেতন পাবেন।

নতুন বেতন কাঠামোর আওতায় চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত মাসিক ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়সীদের জন্য মাসিক ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপে ধাপে বর্ধিত নিট পেনশন কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে তারা শতভাগ নিট পেনশন পাবেন।

নতুন বেতন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে, যাতে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। এতে দেশের প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীর জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা।

এর আগে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে শনিবার নতুন পে-স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন