গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনি কভার্ড ভ্যানের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের এক হেলপার।
আজ শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত হেলপারকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ ও সূত্র জানায়, শনিবার সকালে টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার আহত হন। পরে দুর্ঘটনা কবলিত পিকআপ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।