গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ ওষুধ উৎপাদন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন পুরোপুরি নিভাতে আগামীকাল বৃহস্পতিবার সকালে প্রয়োজন হতে পারে।
আজ বুধবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী ও বিজিবিও যুক্ত হয়েছে। দুপুর ২টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এক ব্রিফিংয়ে জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ভবনটির ৪র্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে। কেমিক্যাল এবং অ্যালুমিনিয়াম জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ২য় ও ৪র্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহাপরিচালক জানান, ফায়ার সার্ভিসের একজন কর্মী তাপে অসুস্থ হয়ে পড়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আগামীকাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর সকাল ১০টা ১৫ মিনিটে তারা খবর পায় এবং ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, টঙ্গীতে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী যোগ দিয়েছে।