ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে সভাপতি এবং সদস্যদের পরিচিতি পর্বের পর কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের জনবল, কার্যাবলী এবং মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনসমূহ নিয়ে আলোচনা করা হয়। কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে।’ তিনি বিভিন্ন কৃষি পণ্যের ওপর আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, ‘এই সরকারই প্রথম মাটির গুণগত মান বজায় রাখার বিষয়ে কাজ শুরু করেছে।’ মাটি এবং ফসলে কীটনাশকের ব্যবহার নিয়ে উপস্থিত সকলে উদ্বেগ প্রকাশ করেন।
বিগত বছরের তুলনায় বর্তমান বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। মন্ত্রী জানান, সারের ডিলার নিয়োগে স্বচ্ছতা আনয়ন করার চেষ্টা করা হচ্ছে এবং ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা- ২০২৬’ জারি করা হয়েছে।
বৈঠকে কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা এবং পাটের ন্যায্যমূল্য প্রাপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি বলেন, কৃষি মন্ত্রণালয়ের কাজের ওপর সরকারের সফলতা নির্ভর করছে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।